
মোঃসজিব মিয়া
(হাতীবান্ধা) লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটকে মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকসহ বিভিন্ন সামাজিক অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে তিন হাজার স্বেচ্ছাসেবক নিয়ে বর্ণাঢ্য সাইকেল র্যালি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
রোববার (১৫ নভেম্বর) সকালে ‘আগামীর আলোকিত লালমনিরহাট’ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ সাইকেল র্যালিতে নেতৃত্ব দেন তিনি।
র্যালির আগে লালমনিরহাট সোহরাওয়ার্দী মাঠে সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টায় লালমনিরহাটে মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকসহ বিভিন্ন সামাজিক অপরাধ অনেকটা কমে এসেছে। এ আন্দোলন ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারলে একদিন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
তিনি আরও বলেন, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আলোকিত লালমনিরহাট’ কার্যক্রম সরেজমিনে দেখতে আসবেন। এটি জেলার মানুষের জন্য আনন্দ ও গর্বের বিষয়। ইতোমধ্যে সদর উপজেলায় এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে পাটগ্রাম, হাতীবান্ধা, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলাতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
ত্রাণমন্ত্রী বলেন, ‘আলোকিত লালমনিরহাট’-এর ১৫ হাজার স্বেচ্ছাসেবী আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় লালমনিরহাটকে সামাজিক অপরাধমুক্ত, আলোকিত ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
পরে সোহরাওয়ার্দী মাঠ থেকে বর্ণাঢ্য সাইকেল র্যালিটি শুরু হয়। র্যালিটি শহরের মিশন মোড় ও বিজিবি গেট অতিক্রম করে কুলাঘাট ইউনিয়নের মধ্য দিয়ে বড়বাড়ী ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে আলোকিত লালমনিরহাটের সদর উপজেলার প্রায় তিন হাজার স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।
এ সময় জেলা প্রশাসক মুহা. রাশিদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিসসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মোঃসজিব মিয়া
(হাতীবান্ধা)(লালমনিরহাট) প্রতিনিধি
তারিখ -১৫/১১/২০২৬
মোবাইল -01401603164
Daily Bangladesh Patrika