
সটাফ রিপোর্টার
মোঃ জহিরুল ইসলাম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা বরুমচড়া–বটতলী সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
ক্ষতিগ্রস্ত সড়কের পাশে দাঁড়িয়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। এতে কৃষক, ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বরুমচড়া ও বটতলী এলাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় খানাখন্দে রূপ নিয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে কাদার সৃষ্টি হয়, যার ফলে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাই দায় হয়ে পড়ে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী এবং সাধারণ পথচারীদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, সড়কটির বেহাল দশার বিষয়ে বারবার সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জনদুর্ভোগ লাঘবে অনতিবিলম্বে সড়কটির পাকাকরণ ও স্থায়ী সংস্কার কাজ শুরু করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। দ্রুত সমাধান না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন স্থানীয়রা।
Daily Bangladesh Patrika