
হুমায়ুন কবির বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ | ২৪ মে ২০২৬
পরিবেশ সুরক্ষা, টেকসই উন্নয়ন এবং জাতীয় সাংস্কৃতিক চেতনার পুনর্জাগরণকে গুরুত্ব দিয়ে ময়মনসিংহ সফরে এসেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। আজ ২৪ মে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধনের পাশাপাশি জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেবেন তিনি।
নদী খনন ও জলবায়ু সহনশীলতা:-
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে আজ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিয়ারপুর এলাকায় ‘ধরা খাল’ (বৈলর খাল) পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও কৃষিভিত্তিক অর্থনীতিকে গতিশীল করতে দেশব্যাপী চলমান খাল ও জলাধার খনন কর্মসূচির এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ।
জাতীয় কবির জন্মজয়ন্তী ও নজরুল পুরস্কার:-
‘দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল’ প্রতিপাদ্যে জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার সূচনা করবেন প্রধানমন্ত্রী। ত্রিশালের দরিরামপুরে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণীজনদের হাতে ‘নজরুল পুরস্কার-২০২৫’ তুলে দেবেন। কবির স্মৃতিবিজড়িত এই জনপদে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি করেছে।
নীতিনির্ধারণী মতবিনিময়:-
সফরসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ময়মনসিংহ উত্তর, দক্ষিণ এবং মহানগর শাখার নেতৃবৃন্দের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং তৃণমূলের নেতাকর্মীদের সরাসরি দিকনির্দেশনা দেওয়াই এই সভার মূল লক্ষ্য।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শামছুল ইসলাম শামস (সূর্য)। নান্দাইলের কৃতি সন্তান হিসেবে পরিচিত ড. শামসের উপস্থিতি স্থানীয় রাজনীতি ও উন্নয়নে বিশেষ গুরুত্ব বহন করছে।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের এই সফরকে ঘিরে গোটা ময়মনসিংহে সাজ সাজ রব পড়ে গেছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রশাসনিকভাবেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
Daily Bangladesh Patrika