
মোহাম্মদ হানিফ ফেনী জেলা ( ছাগলনাইয়া)
মহামায়া ইউনিয়নের পূর্ব দেবপুরে বরাদ্দকৃত প্রকল্প পরিদর্শন; স্বচ্ছতা ও মান বজায় রেখে সব উন্নয়ন কাজ বাস্তবায়নের অঙ্গীকার
ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু নিজ নির্বাচনী এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের গুণগতমান নিশ্চিত করতে মাঠ পর্যায়ে পরিদর্শন শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পূর্ব দেবপুর গ্রামে গিয়ে তাঁর বরাদ্দকৃত উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কাজের অগ্রগতি ও মান নিয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে তিনি নির্মাণাধীন ও বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর বিভিন্ন দিক ঘুরে দেখেন। স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে কাজের মান, অগ্রগতি এবং জনসাধারণের প্রত্যাশার বিষয়েও খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি উন্নয়ন প্রকল্পের গুণগতমান নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্যের একান্ত সচিব ও ছাগলনাইয়া বিআরডিবির চেয়ারম্যান জাফর হোসেন মজুমদার, ছাগলনাইয়া বিআরডিবির ভাইস চেয়ারম্যান আব্দুল মমিন ভূঁইয়া, মহামায়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল হালিমসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু বলেন,
"আমার বরাদ্দকৃত কাজসহ এলাকার সকল উন্নয়নমূলক প্রকল্প পর্যায়ক্রমে আমি নিজে পরিদর্শন করব, ইনশাআল্লাহ। জনগণের জন্য বরাদ্দকৃত প্রতিটি কাজ যেন সঠিকভাবে এবং নির্ধারিত মান বজায় রেখে বাস্তবায়িত হয়, সে বিষয়টি আমি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।"
তিনি আরও বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তর এবং স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগতমান নিশ্চিত করেই প্রতিটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।
স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্যের এ ধরনের সরেজমিন পরিদর্শনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, জনপ্রতিনিধি নিজে মাঠে এসে কাজের মান তদারকি করলে ঠিকাদার ও সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্বশীলতা বৃদ্ধি পায় এবং উন্নয়ন কাজ আরও মানসম্মতভাবে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
এলাকাবাসীর প্রত্যাশা, সংসদ সদস্যের নিয়মিত তদারকি ও পর্যবেক্ষণের মাধ্যমে ফেনী-১ আসনের চলমান উন্নয়ন প্রকল্পগুলো আরও গতিশীল হবে এবং জনগণ টেকসই ও মানসম্মত অবকাঠামোগত সুবিধা ভোগ করতে পারবে।
Daily Bangladesh Patrika