
আজাদ রহমান মিশর
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় তিন যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে চালকসহ চারজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের আচমিতা ইউনিয়নের চারিপাড়া সরকারি হ্যাচারিসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ভৈরবগামী একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি খালি মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন দিক থেকে আসা একটি খালি গরুবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত ওই দুটি যানবাহনকে সজোরে ধাক্কা দেয়।
ত্রিমুখী এ সংঘর্ষে যানবাহন তিনটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ চারজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকোট এলাকার বাসিন্দা আজিজুল মিয়া (৩৫) ও মো. ইমন (২৮)। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে কটিয়াদী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে কটিয়াদী হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Daily Bangladesh Patrika