
আজাদ রহমান মিশর
কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানা জ্বালিয়ে দেওয়া এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় জনসাধারণের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) 'কটিয়াদী আওয়ামী লীগ পরিবার' নামের একটি ফেসবুক আইডি থেকে ওসি মো. রফিকুল ইসলামের ছবি সংযুক্ত করে এই হুমকিমূলক পোস্টটি দেওয়া হয়।
পোস্টে উল্লেখিত বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন থেকে লগি-বৈঠা উদ্ধার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে এই হুমকি দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তাকে প্রকাশ্যে এমন হুমকি দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
Daily Bangladesh Patrika