
মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২০২৪ সালের ৪ আগস্টের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আরও দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীদের হাতে আটক হওয়ার পর তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কুলিয়ারচর উপজেলার চর কামালপুর গ্রামের নুরুল আমিন বাবুলের ছেলে সুজন মিয়া (২৮) এবং উত্তর সালুয়া গ্রামের নাজমুল হোসেন কাজলের ছেলে মো. রোহান মিয়া ওরফে নিরব (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীরা তাঁদের আটক করে পুলিশকে খবর দেন। পরে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের থানায় নিয়ে যায়। এ সময় ২০২৪ সালের ৪ আগস্টের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
পরবর্তীতে শনিবার (২১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার দুজনকে কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট কুলিয়ারচরে সংঘটিত ঘটনার পর কুলিয়ারচর থানায় বিস্ফোরক আইনে ১৫ নম্বর মামলাটি দায়ের করা হয়। মামলাটিতে এর আগেও একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ দুইজনের গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলাটির তদন্ত ও আইনগত কার্যক্রমে নতুন অগ্রগতি যুক্ত হলো।
Daily Bangladesh Patrika