
বিশেষ প্রতিনিধি,
সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী শুরু হওয়া বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় আজ এ উদ্যোগ গ্রহণ করা হয়।
কোলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কোলা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান এইচ এম সাইফুল ইসলাম মিন্টু। উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি চারা রোপণ করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান এইচ এম সাইফুল ইসলাম মিন্টু বলেন, "জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী উদ্যোগকে সফল করতে আমরা কোলা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও শিক্ষা প্রতিষ্ঠানে ব্যপক হারে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখব।"
অনুষ্ঠানে কোলা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ শেষে রোপণকৃত চারাসমূহের যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
Daily Bangladesh Patrika