
হুমায়ুন কবির বিশেষ প্রতিনিধি, নান্দাইল ১২ জুলাই, ২০২৬
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা গ্রামের দুই বছর বয়সী শিশু রাফসান আহমেদ রায়হান জন্মগত জটিল হৃদরোগে আক্রান্ত। অর্থের অভাবে যখন তার চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়েছিল, তখন মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ‘ইসহাক রওশন ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন ইসরাত শামস মলি। বর্তমানে শিশুটির চিকিৎসায় সব ধরণের ব্যয়ভার বহন করছেন এই ফাউন্ডেশন।
জানা যায়, রাফসান জন্মগতভাবেই Transposition of the Great Arteries (TGA) with Congenitally Corrected Transposition of the Great Arteries (ccTGA)-এর মতো জটিল রোগে আক্রান্ত। তার হৃদপিণ্ডে ছিদ্র রয়েছে এবং হৃদপিণ্ডের বাম পাশ স্বাভাবিকের তুলনায় বড় হয়ে গেছে। রাফসানের বাবা একজন দিনমজুর, যার পক্ষে সন্তানের এই ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা অসম্ভব ছিল।
শিশুটির অসহায় অবস্থার কথা জানতে পেরে ইসহাক রওশন ফাউন্ডেশনের চেয়ারপারসন ইসরাত শামস মলি তাৎক্ষণিকভাবে তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে শিশুটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, রাফসানের শরীরের ওজন কম হওয়ায় এই মুহূর্তে অস্ত্রোপচার করা ঝুঁকিপূর্ণ। তাই তাকে আগামী চার মাসের জন্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে শিশুটির ওজন ও শারীরিক অবস্থার উন্নতি হলে পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা শেষে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা সম্পন্ন করা হবে।
এক প্রতিক্রিয়ায় সংশ্লিষ্টরা জানান, প্রতিটি শিশুরই সুস্থভাবে বেঁচে থাকার অধিকার আছে। এই মানবিক উদ্যোগে ফাউন্ডেশনের চেয়ারপারসনের পাশাপাশি সবার দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে, যাতে ছোট্ট রাফসান দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।
Daily Bangladesh Patrika