
সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া আক্তার (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে উপজেলার আলিয়াবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার কুমিল্লার মুরাদনগর থানার বাছামুড়া (ওয়াসাল্লাম) গ্রামের আমির হোসেনের মেয়ে। তাঁর মায়ের নাম রত্না আক্তার। তিনি নবীনগর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। দীর্ঘদিন ধরে বাবা-মায়ের সঙ্গে নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে নানাবাড়িতে বসবাস করে পড়াশোনা করতেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে আলিয়াবাদ বাসস্ট্যান্ড এলাকায় একটি মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুমাইয়া আক্তারসহ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মোটরসাইকেলচালক খোকন মিয়াও গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে নবীনগর থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। পুলিশ নিহতের পরিবারের সদস্য ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
এদিকে কলেজছাত্রী সুমাইয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। সহপাঠী ও পরিচিতজনেরাও তাঁকে শেষবারের মতো দেখতে হাসপাতালে ছুটে আসেন।
এলাকাবাসীর অভিযোগ, সড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল এবং চালকদের অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাঁদের মতে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
একজন সম্ভাবনাময় কলেজছাত্রীর এমন আকস্মিক মৃত্যুতে নবীনগরজুড়ে শোকের আবহ বিরাজ করছে।
Daily Bangladesh Patrika