
আশিকুর রহমান
নান্দাইল উপজেলা প্রতিনিধি
“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক জাতীয় পতাকা উত্তোলন করেন। বিশেষ অতিথিরা সমবায় পতাকা উত্তোলন করেন। পরে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর উপজেলা চত্বরে একটি সংক্ষিপ্ত র্যালি বের করা হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা শাবিরা খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আমিনুল হক তারেক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন।
সভায় বক্তব্য রাখেন নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এনামুল হক বাবুল এবং দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক রবিউল আলম ফরাজী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল।
আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভর সমাজ গঠনে সমবায়ের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।
Daily Bangladesh Patrika