
মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার নগদ অর্থের পাশাপাশি পাওয়া গেছে স্বর্ণের তৈরি চামচ ও বাটি। শনিবার (২১ নভেম্বর) সকালে মসজিদের দানবাক্স খোলার পর অর্থ ও অন্যান্য সামগ্রী গণনার সময় এসব স্বর্ণালংকার পাওয়া যায়। ব্যতিক্রমী এই প্রাপ্তি ঘিরে গণনাস্থলে উপস্থিত ব্যক্তিদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।
পাগলা মসজিদের ইমাম মুফতি মিজবাহ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
মসজিদ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে মসজিদের মোট ১৫টি দানবাক্স খোলা হয়। এরপর দানবাক্স থেকে পাওয়া বিপুল পরিমাণ নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী গণনার জন্য নেওয়া হয়। গণনার একপর্যায়ে পাওয়া যায় স্বর্ণের চামচ ও বাটি।
দীর্ঘ বিরতির পর এবার দানবাক্স খোলার দিন অর্থের পরিমাণেও নতুন রেকর্ড তৈরি হয়েছে। প্রায় ৪ মাস ২৪ দিন পর দানবাক্সগুলো খোলা হলে পাওয়া যায় টাকাভর্তি ৫১ বস্তা। এসব অর্থ গণনার কাজ চলছে।
কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার দুপুর পর্যন্ত গণনা করা ১০ কোটি টাকা রূপালী ব্যাংকে জমা দেওয়ার জন্য পাঠানো হয়েছে। বাকি অর্থ গণনার কাজ অব্যাহত রয়েছে।
এদিন সকালে দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হকসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
নগদ অর্থের পাশাপাশি স্বর্ণের চামচ ও বাটি পাওয়ার ঘটনা এবার পাগলা মসজিদের দানবাক্স খোলার ঘটনাকে আরও আলোচনায় নিয়ে এসেছে।
Daily Bangladesh Patrika