
মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৬ বিজিবি)-এর নিতপুর ক্যাম্পের টহলদল।
নিতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার আব্দুল জাব্বারের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ‘কাটাপুকুর’ এলাকায় অভিযান চালিয়ে ১১৩ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের আটক করে।
আটককৃত চোরাকারবারীরা হলেন— নওগাঁর পোরশা উপজেলার পশ্চিম হরিপুর গ্রামের আতাউর রহমানের ছেলে মারুফ হোসেন (২২) এবং সাপাহার উপজেলার কালাইবাড়ি এলাকার তরিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২৮)।
বিজিবি সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকসহ তাদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচারসহ যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।
Daily Bangladesh Patrika