
মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ‘ফ্যামিলি কার্ড জরিপ-২০২৬’ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে অস্থায়ী জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, তথ্য সংগ্রহকারী পদে আবেদনকারীদের ন্যূনতম এইচএসসি বা সমমান পাস, বয়স ১৮ থেকে ৪০ বছর এবং ব্যবহারিক পরীক্ষায় কমপক্ষে ৭০ শতাংশ নম্বর অর্জন করতে হবে। নারী প্রার্থীদের জন্য ৫০ শতাংশ কোটা সংরক্ষিত রয়েছে। এছাড়া পূর্বে জরিপ কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যদিকে, সুপারভাইজার পদে আবেদনকারীদের স্নাতক বা সমমান পাস, বয়স ২৫ থেকে ৪৫ বছর এবং ট্যাবলেট ও অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারে দক্ষ হতে হবে। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ তদারকি ও পুনঃযাচাইয়ের দায়িত্ব পালন করবেন সুপারভাইজাররা।
আবেদন ফরম বিতরণ ও জমা গ্রহণ চলবে ২১ জুলাই থেকে ২৪ জুলাই ২০২৫ পর্যন্ত উপজেলা সমাজসেবা কার্যালয়, কুলিয়ারচর, কিশোরগঞ্জে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ জুলাই ২০২৫ সকাল ১০টায়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্ধারিত যোগ্যতা পূরণকারী আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
Daily Bangladesh Patrika