
আনিসুজ্জামান, জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ:(১৬,সেপ্টেম্বর, বুধবার, ২০২৬)
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে মসজিদের ইমাম ইসমাইল হোসেনের বাড়ির দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি গরুও মারা যায়। আকস্মিক এ অগ্নিকাণ্ডে পরিবারটি ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে বর্তমানে বিপর্যস্ত অবস্থায় রয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে তাদের বাড়িতে ছুটে যান কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, কটিয়াদী ও পাকুন্দিয়ার গণমানুষের নেতা মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, বনগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি সরকারি অধ্যাপক আবু ইসহাক আনহু এবং স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে বিপদের সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
পরে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। আকস্মিক অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও গবাদিপশু হারিয়ে পরিবারটির যে ক্ষতি হয়েছে, তা কিছুটা হলেও লাঘব করতে এ সহায়তা প্রদান করা হয় বলে জানান তারা।
স্থানীয়রা জানান, আগুনে দুটি ঘর পুড়ে যাওয়ার পাশাপাশি দুটি গরু মারা যাওয়ায় পরিবারটি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। এমন দুর্দিনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইসমাইল হোসেনের পরিবার জামায়াত নেতৃবৃন্দের খোঁজখবর নেওয়া, সহমর্মিতা প্রকাশ ও আর্থিক সহায়তা প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয়রা।
আনিসুজ্জামান
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
কার্ড নং ৮১
মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭
Daily Bangladesh Patrika