
এম.তুহিন আলম মুকুল
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
তারিখঃ ১৩/০৭/২০২৬, সময়ঃ দুপর ২:০০ ঘটিকা।
কুড়িগ্রামের ভূরুংগামারীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সরকার কর্তৃক নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন ও এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে আন্ধারিঝাড় ইউনিয়নের বামনের কুঠি গ্রামের জনৈক নুর নবী (৩৫), পিতা- সাইফুর রহমান (৬৫), ঠিকানা: বামনের কুঠি, ইউনিয়ন: আন্ধারিঝাড় এর বসতবাড়িতে মজুদ করে রাখা এসব নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়। অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি বাড়িতে অবস্থান না করায় তাকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ৪২ টি জালের আনুমানিক দৈর্ঘ্য প্রায় ৩০০০ মিটার বা ০৩ কিলোমিটার। জব্দকৃত এসকল নিষিদ্ধ জাল পরবর্তীতে বিধিমোতাবেক ধ্বংস করা হবে।
এ বিষয়ে ভূরুংগামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন বলেন চায়না দুয়ারি (বা ম্যাজিক জাল) মূলত মাছ ধরার ফাঁদ হিসেবে ব্যবহৃত একটি অত্যন্ত ক্ষতিকর জাল। এতে ছোট-বড় যেকোনো জলজ প্রাণী একবার ঢুকলে আর বের হতে পারে না। দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য ধ্বংসের কারণে বাংলাদেশে এর উৎপাদন, আমদানি ও ব্যবহার আইনত দণ্ডনীয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন(১৯৫০) অনুযায়ী এ ধরনের জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। দেশীয় জীব-বৈচিত্র্য রক্ষার্থে নিষিদ্ধ এই জালের বিরুদ্ধে পুলিশের অভিযান চলবে।
Daily Bangladesh Patrika