
মোঃএমরুল ইসলাম
মনোহরদী(নরসিংদী)প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পরিচালিত মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ২ এপ্রিল ডিউটি পালনকালে সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ আল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বীরগাঁও চৌরাস্তা বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কৃষ্ণপুর ইউনিয়নের খালিয়াবাইদ গ্রামের একটি বসতবাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে।
উক্ত সংবাদের ভিত্তিতে সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে অভিযান পরিচালনা করে মোঃ রফিকুল ইসলাম (পিতা: আব্দুল বাতেন), গ্রাম: খালিয়াবাইদ, ইউনিয়ন: কৃষ্ণপুর, থানা: মনোহরদী—কে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মনোহরদী থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Daily Bangladesh Patrika