সাধন সাহা জয়
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া শহরে পৃথক অভিযান চালিয়ে দুটি ভেটেরিনারি ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
লাইসেন্স নবায়ন না করা, ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন করে রাখার অপরাধে এ দণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর দুপুরে জেলা শহরের বডিং মাঠ ও কাউতুলি এলাকায় এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন ভেটেরিনারি ফার্মেসিতে অনুমোদনহীন ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে দুটি ফার্মেসিতে প্রয়োজনীয় লাইসেন্স নবায়ন না থাকার পাশাপাশি বিক্রির উদ্দেশ্যে রাখা মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান প্রসঙ্গে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন জানান, জনস্বার্থে ভেজাল, অননুমোদিত এবং মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শাকিল আহমেদ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সদর মডেল থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।
Daily Bangladesh Patrika