
মোঃ শফিকুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে নির্মাণাধীন দোকানঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা আবুল কালাম ও তার সহযোগীদের বিরুদ্ধে।
নির্মাণাধীন দোকান ভাঙচুরের পাশাপাশি শ্রমিকদের মারধর এবং ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে তারা।
নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. লোকমান হোসেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্বখণ্ড (কেওয়াচালা) গ্রামে ভাঙচুর হওয়া নির্মাণাধীন ভবনে দাঁড়িয়ে সাংবাদিকদের লোকমান হোসেন বলেন, "গত সোমবার (৫ অক্টোবর) অভিযুক্ত শ্রীপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, তার ছোট ভাই জুয়েল এবং সহযোগী সাইফুল ও জালালসহ সংঘবদ্ধ একদল সন্ত্রাসী আমার নির্মাণাধীন ভবনে ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। এ সময় ভাঙচুরের কারণ জানতে চাইলে তারা আমার ছেলে-মেয়েসহ আমাকে প্রাণনাশের হুমকি দেয়।"
তিনি আরও অভিযোগ করে বলেন, আবুল কালাম এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নিয়মিত মাদক সেবন করে মাতাল অবস্থায় থাকে এবং নেশাগ্রস্ত হয়ে প্রায়ই বিভিন্ন দোকানপাট ভাঙচুর ও ভাড়াটিয়াদের মারধর করে। তার কথামতো মাদক সরবরাহ না করলে মাদকসহ ছবি ও ভিডিও তুলে ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রাখে। এসব অপকর্মের প্রতিবাদ করায় সে নানা বাহানায় লোকমান হোসেনের বসতবাড়িতে ভাঙচুর ও হুমকি-ধমকি দিয়ে আসছে।
এলাকাবাসীকে সঙ্গে নিয়ে স্থানীয় সংসদ সদস্যের কাছে একাধিকবার অভিযোগ দিয়েও আবুল কালামের অপকর্ম থামানো যায়নি বলে জানান ভুক্তভোগী।
বর্তমানে কালাম ও তার সহযোগীদের অব্যাহত প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর আলম জানান, এ ঘটনায় লোকমান হোসেন একটি সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টির তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Daily Bangladesh Patrika