
জাহাঙ্গীর আলম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাড়ির উঠানে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইয়ের স্ত্রীর হাতে দেবর খুনের মর্মান্তিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে
নিহত যুবকের নাম মোহাম্মদ সুমন মিয়া (২৮)। তিনি দত্তপাড়া গ্রামের গোলাপ মিয়ার ছেলে এবং পেশায় অটোরিকশা গ্যারেজের মালিক ছিলেন
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সুমনের পরিচিত কয়েকজন এনজিও কর্মী মোটরসাইকেল নিয়ে তার বাড়িতে আসেন। এনজিও কর্মীদের ব্যবহৃত মোটরসাইকেলটি সুমনের চাচাতো ভাই সৌদি প্রবাসী সাত্তার মিয়ার স্ত্রী রুমানা বেগমের উঠানে রাখলে শুরু হয় বাগ্বিতণ্ডা একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রুমানা বেগম ঘর থেকে দা নিয়ে এসে সুমনের হাতে ও বুকে উপুর্যপরি কোপ দেন। গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে স্থানীয়রা পানি ঢেলে প্রাথমিক সাহায্যের চেষ্টা করেন। এই সুযোগে অভিযুক্ত রুমানা বেগম নিজের ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যান হাসপাতালে নেওয়ার পথেই সুমনের মৃত্যু হয়।
নিহত সুমনের বাবা গোলাপ মিয়া এবং মা তাদের সন্তান হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তারা প্রকাশ্যে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং ঘাতক রুমানা বেগমকে দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান। পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রশাসনের কাছে ন্যায়বিচার নিশ্চিত করতে সহযোগিতা চাওয়া হয়েছে।
সরাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত পলাতক থাকায় তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
Daily Bangladesh Patrika