
এস এ হাসিব
ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশালে জমি দেখতে গিয়ে আর ফেরেননি এক কৃষক। পরে ধানক্ষেত থেকে উদ্ধার করা হয় তার ক্ষতবিক্ষত মরদেহ। সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন অক্ষত থাকায় হত্যার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তে নেমেছে পুলিশ।
বিস্তারিত:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মোতালেব হোসেন (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি বামনাখালী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা এবং মৃত সাইফুল্লাহর ছেলে।
পুলিশ জানায়, রাত ৮টা ২৪ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে ধানক্ষেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় মোতালেব হোসেনের মরদেহ। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের ছেলে আলী হোসেন জানান, মাগরিবের নামাজের আগে তার বাবা বাড়ি থেকে জমি দেখতে বের হন। তিনি নিয়মিতই জমি দেখতে যেতেন। তবে সেদিন কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে, তা জানা যায়নি। হত্যার পর মরদেহের পাশে তার মোবাইল ফোন পড়ে ছিল এবং কোমরে বাঁধা কাপড়ের থলেতে থাকা ৩৮ হাজার ৬৪৫ টাকা অক্ষত ছিল। এতে ধারণা করা হচ্ছে, এটি ছিনতাইয়ের ঘটনা নয়।
পুলিশের ভাষ্য, নিহতের ঘাড়, মাথা ও হাতের আঙুলে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে তাকে আক্রমণ করা হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড, তা এখনও নিশ্চিত নয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটির রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে ত্রিশাল থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশ কাজ করছে।