
মোহাম্মদ হানিফ ফেনী জেলা পশুরাম।
পরশুরাম, ছাগলনাইয়া ও জোরারগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে উদ্ধার; বাজারমূল্য প্রায় ১ কোটি ১ লাখ ৭৯ হাজার টাকা
ফেনী সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১ লাখ ৭৯ হাজার ৭৫ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কসমেটিক্স, চকলেট ও বিভিন্ন ধরনের অবৈধ ঔষধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল ফেনী জেলার পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা এবং চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বিপুল পরিমাণ পণ্য ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কসমেটিক্স সামগ্রী, চকলেট এবং বিভিন্ন প্রকার অবৈধ ঔষধ জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১ লাখ ৭৯ হাজার ৭৫ টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত চোরাচালানের মালামাল পরবর্তী আইনি ও বিভাগীয় কার্যক্রম সম্পন্ন করে স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, পুশইন প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও চোরাচালান দমনে বিজিবি সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতি সুরক্ষায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে ৪ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
বিজিবির এই সফল অভিযানে সীমান্ত এলাকায় চোরাচালান নিয়ন্ত্রণে বাহিনীর তৎপরতা আরও একবার দৃশ্যমান হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে সীমান্ত এলাকায় অবৈধ পণ্য প্রবেশ এবং চোরাচালান অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।