
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
মীরসরাই থানা পুলিশের তাৎক্ষণিক অভিযানে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেফতার
চট্টগ্রাম জেলার মীরসরাই থানা পুলিশের তাৎক্ষণিক ও পেশাদার অভিযানে প্রাইভেটকার ছিনতাইকারী একটি সংঘবদ্ধ চক্রের ২ সদস্যকে গ্রেফতার এবং ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় সাহসিকতার সঙ্গে অভিযান পরিচালনা করে পুলিশ ছিনতাইকারীদের পালিয়ে যাওয়ার সুযোগ নস্যাৎ করে দেয় এবং ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়।
জনৈক মোঃ সেলিম (৪৩), পিতা-মৃত আলী উল্যা, মাতা-আনোয়ারা বেগম, সাং-মিঠারখিল, ছিদ্দিক উল্যা পাটোয়ারী বাড়ি, ডাকঘর-পুকুরদিয়া-৩৭০৫, থানা-লক্ষ্মীপুর সদর, জেলা-লক্ষ্মীপুর। তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক এবং চট্ট-মেট্রো-গ-১৩-০৪৪০ নম্বরের প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।
২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ২:৪৫ ঘটিকায় চট্টগ্রাম মহানগরের অলংকার মাইক্রোস্ট্যান্ড থেকে যাত্রীবেশে থাকা তিন ব্যক্তি তার প্রাইভেটকার ভাড়া করে মীরসরাই থানাধীন ১১নং মঘাদিয়া ইউনিয়নের ইকোনমিক জোন এলাকায় যায়। বিকেল আনুমানিক ৪:৩০ ঘটিকায় ইকোনমিক জোন সড়কের সিপির মোড় সংলগ্ন আনসার চেকপোস্টের প্রায় ২০০ গজ পূর্বে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা চালকের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করে এবং তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে গাড়ি থেকে ফেলে দিয়ে প্রাইভেটকারটি ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
গাড়ি ছিনতাই এর খবর পেয়ে মীরসরাই থানা পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার এবং ঘটনাস্থল থেকেই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন ১। শেখ মোহাম্মদ আল ইয়াছা (৩০), পিতা-মোঃ আলমগীর হোসেন শেখ, মাতা-হাবিবা শেখ, স্থায়ী ঠিকানা-মকসেদ বাড়ি, পটুয়াপাড়া, মাদ্রাসা মোড়, ডাকঘর-নাটোর, থানা-নাটোর সদর, জেলা-নাটোর। বর্তমান ঠিকানা-পাহাড়িকা আবাসিক এলাকা, চিলেকোঠা, ১৫৭/সি, রোড-১৮, থানা-বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।
২। জোবেদা খানম চৌধুরী (৪৫), পিতা-শামছুদ্দিন চৌধুরী, মাতা-মৃত নুর নাহার বেগম চৌধুরী, স্বামী-শেখ মোহাম্মদ জাহাঙ্গীর, স্থায়ী ঠিকানা-ছোট কুমিরা, আলহাজ জহিরুল ইসলাম চৌধুরীর বাড়ি, ৯নং ওয়ার্ড, ছোট কুমিরা ইউনিয়ন, থানা-সীতাকুণ্ড, জেলা-চট্টগ্রাম। বর্তমান ঠিকানা-পাহাড়িকা আবাসিক এলাকা, চিলেকোঠা, ১৫৭/সি, রোড-১৮, থানা-বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।
অভিযানকালে আসামিদের কাছ থেকে একটি থ্রেড কাটার, একটি ইনজেকশনের সিরিঞ্জ, একটি ভায়ালে সংরক্ষিত সাদা রঙের অ্যানেসথেশিয়া-জাতীয় তরল পদার্থ, একটি বোতলে নেশাজাতীয় তরল পদার্থ এবং একটি গামছা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত শেখ মোহাম্মদ আল ইয়াছা (৩০) এবং পলাতক আসামি শেখ মোঃ জাহাঙ্গীর (৪১) সম্পর্কে আপন ভাই। গ্রেফতারকৃত জোবেদা খানম চৌধুরী (৪৫) পলাতক আসামি শেখ মোঃ জাহাঙ্গীরের স্ত্রী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি পেশাদার ও সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে যাত্রীবেশে বিভিন্ন প্রাইভেটকার ভাড়া করে নির্জন স্থানে নিয়ে চালকদের ওপর হামলা চালিয়ে গাড়ি ছিনতাই করত। পরবর্তীতে ছিনতাই করা গাড়িগুলো একটি চোরাই গাড়ি সিন্ডিকেটের কাছে বিক্রি করে অবৈধভাবে আর্থিক সুবিধা অর্জন করত।
বাদীর এজাহারের ভিত্তিতে মীরসরাই থানায় মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামি শেখ মোঃ জাহাঙ্গীর (৪১)-কে গ্রেফতার এবং সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের অন্যান্য সদস্য ও চোরাই গাড়ি কেনাবেচার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে মীরসরাই থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ এ ধরনের সংঘবদ্ধ অপরাধ দমনে সর্বোচ্চ পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।