
স্টাপ রিপোর্টার:
মো: জহিরুল ইসলাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য নৌ-জুলুস ও মিলাদ মাহফিল। নদীজুড়ে অসংখ্য নৌকা, ট্রলার ও জাহাজের সমন্বয়ে নবীপ্রেমিক জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় সৃষ্টি হয় এক অভূতপূর্ব ও উৎসবমুখর আধ্যাত্মিক পরিবেশ।
আয়োজনে অংশগ্রহণকারীরা কলেমা খচিত ও কালেমা তৈয়্যবা লেখা বিভিন্ন রঙের পতাকা, ব্যানার ও ফেস্টুনে সাজিয়ে তোলেন প্রতিটি নৌকা ও জলযান। মাঝনদীতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি সাদা পোশাক পরিধান করে সমবেত কণ্ঠে ‘মারহাবা ইয়া রাসুলুল্লাহ’ ও ‘বালাগাল উলা বিকামালিহি’ ধ্বনি এবং সালাতু সালাম পেশ করেন।
অনুষ্ঠানে বক্তারা রাসূলে পাক ﷺ-এর সুমহান আদর্শ, শান্তি, মানবতা এবং বিশ্বজনীন শিক্ষার গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন। জুলুস শেষে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। কর্ণফুলীর বুকে নৌকার এই নান্দনিক ও ব্যতিক্রমী শোভাযাত্রা দেখতে নদীর দুই তীরে জড়ো হন বিপুল সংখ্যক উৎসাহী জনতা।