
মোঃ আজিজুল হাকিম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি,
দিনাজপুরের পার্বতীপুরে একটি ভাঙারি গোডাউনে অভিযান চালিয়ে ১১৪ কেজি বৈদ্যুতিক তারসহ বিভিন্ন চোরাই মালামাল জব্দ করেছে রংপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী বদরগঞ্জ উপজেলায় একটি চীনা প্রতিষ্ঠানের প্রায় এক কিলোমিটার বৈদ্যুতিক তার চুরির ঘটনার মামলার তদন্ত করতে গিয়ে ডিবি পুলিশ এই চোরাই চক্রের সন্ধান পায়। এর ধারাবাহিকতায় মোখলেছার, জামাল ও হৃদয় নামে তিন যুবককে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পার্বতীপুর শহরের ‘মেঘনা ট্রেডার্স’ নামক একটি ভাঙারি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালীন আটককৃতদের মধ্যে হৃদয় পালিয়ে গেলেও তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। এ সময় গোডাউন তল্লাশি করে ১১৪ কেজি বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।
রংপুর ডিবির পরিদর্শক তাজেদার আলম ফারুকী জানান, চুরি ও চোরাই মালামাল কেনাবেচার অভিযোগে আটক তিন যুবক এবং গোডাউনের মালিক মাসুদ পারভেজ ওরফে ‘ভাঙারি মাসুদ’-এর বিরুদ্ধে বদরগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে ওই গোডাউনে আরও অবৈধ মালামাল মজুত থাকার তথ্য পাওয়া গেছে। গোডাউনটি সিলগালা করার প্রক্রিয়া চলছে। চোরাই মালামালের প্রকৃত উৎস এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।