
” কাজী স্বাধীন ”
স্টাফ রিপোটার :-
নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ৪৭টি এক হাজার টাকার জাল নোটসহ তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এ সময় জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, সিপিইউ, কালার প্রিন্টার ও স্ক্যানার জব্দ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁর একটি দল নওগাঁ সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি টিম জানতে পারে, পয়না বাজারে মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম নামের একটি দোকানে কম্পিউটারের মাধ্যমে জাল টাকা তৈরি করা হচ্ছে। এর ভিত্তিতে বিকেল ৩টা ১৫ মিনিটে দোকানটিতে অভিযান চালানো হয়।
অভিযানকালে বাজারে উপস্থিত লোকজনের সামনে তারিকুল ইসলাম মল্লিকের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট, যার মোট মূল্য ৪৭ হাজার টাকা, উদ্ধার করা হয়।
এ ছাড়া তার দোকান থেকে একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, জব্দ করা কম্পিউটারে জাল নোট তৈরির সংক্রান্ত তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারকৃত তারিকুল ইসলাম মল্লিক নওগাঁ সদর উপজেলার পয়না বাজার এলাকার আশরাফ আলীর ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা জাল নোট ও জব্দ করা সরঞ্জাম নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। পরবতিতে বিস্তরিত তথ্য জানানো হবে বলে বলা হয়েছে।