
।
মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলার ৩নং ছাওড় ইউনিয়নের বলদাহার গ্রামে স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর বাস্তবায়নে এবং ক্রিশ্চিয়ান এইডের অর্থায়নে এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়।
স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. তামিমা তাসনীম কবির, এমবিবিএস (আল্ট্রা), শিশু, নারী, মেডিসিন ও প্রসূতি রোগ বিষয়ে অভিজ্ঞ চিকিৎসক, ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী।
ক্যাম্পে উপস্থিত ছিলেন ইংল্যান্ড থেকে আগত দাতা সংস্থার প্রতিনিধি জেনি টি, ক্রিশ্চিয়ান এইডের কো-অর্ডিনেটর মিসেস সাঈদা বেগম এবং সিসিডিবির ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের কো-অর্ডিনেটর জনাব আশরাফুজ্জামান খান।
এছাড়া প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আবুল কালাম আজাদ, প্রোগ্রাম অফিসার নির্মল টুডু, মাঠ সংগঠক হেমন্ত পাহান, লতিকা সরকার, সুজাতা টপ্প্য, মোছা. রানুয়ারা ও আরাফাত হোসাইন উপস্থিত ছিলেন। স্বাস্থ্য ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিসিআরসি সংস্থার সদস্যবৃন্দ।
আয়োজকরা জানান, স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং বিশেষ করে নারী ও শিশুদের পানীয় জলের ঘাটতিজনিত বিভিন্ন শারীরিক সমস্যা সম্পর্কে সচেতন করতেই এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্য বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং প্রয়োজন অনুযায়ী প্রেসক্রিপশন প্রদান করেন।
দিনব্যাপী আয়োজিত এ স্বাস্থ্য ক্যাম্পে মোট ১৩৫ জন নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় তাদের রক্তের গ্রুপ পরীক্ষা, উচ্চতা ও ওজন পরিমাপ, রক্তচাপ পরীক্ষা করা হয়। পাশাপাশি এমবিবিএস চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্যসংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন ক্যাম্পে আসা রোগীরা।
স্থানীয়রা এ ধরনের স্বাস্থ্য ক্যাম্প আয়োজনের জন্য সংশ্লিষ্ট সংস্থা ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।