
হলাপ্রুসাই মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারা বিজিবি সেক্টরের অধীনস্থ তিনটি ব্যাটালিয়নের অভিযানে বিভিন্ন সময় জব্দকৃত প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।
বুধবার সকালে রামগড় ৪৩ ব্যাটালিয়ন সদর দপ্তর মাঠে এসব মাদক ধ্বংস করা হয়। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত সীমান্ত এলাকায় বিজিবি বিভিন্ন সময় অভিযান চালিয়ে প্রায় ৩কোটি টাকার মাদক জব্দ করা হয়েছিল। এতে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, সিগারেট, ইয়াবা সহ বিভিন্ন তামাক জাতীয় মাদকদ্রব্য ছিলো।
মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম পরিচালনার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবির চট্টগ্রাম দক্ষিন রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।
এসময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মো. মিজানুর রহমান, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম, খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাঃ শাহীনুল ইসলাম, যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো. মঈনুল আলম, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হামিদ এবং রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম।
এ ছাড়া স্থানীয় হেডম্যান-কার্বারী, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।