
মো.সাব্বির আহমেদ
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১০ মে ) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হেলেন জেরিন খান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে অবৈধ ড্রেজিং, চুরি, ডাকাতি, মাদক কারবার, ইভটিজিং, চাঁদাবাজি, ছিনতাই এবং ভূমি দখলকারী দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা জরুরি। তিনি সমাজ থেকে অপরাধ নির্মূলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে জেলার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।