
মো.সাব্বির আহমেদ
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুরের ডাসার উপজেলায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১১ মে) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা। তিনি বলেন, সব নথি ও রেজিস্টার হালনাগাদ রাখতে হবে, প্রতি মাসে পাঁচটি করে মামলা নিষ্পত্তি করতে হবে এবং আবেদন ও নিষ্পত্তির হার বাড়াতে হবে। গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত কোনো মামলা সালিশ করা যাবে না, নির্ধারিত এজলাসে বসেই বিচার করতে হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, সাধারণ মানুষকে গ্রাম আদালত সম্পর্কে জানাতে হাট-বাজার, স্কুল-কলেজে আউটরিচ কার্যক্রম পরিচালনা করতে হবে। প্রতিটি ওয়ার্ডের সদস্য ও গ্রাম পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনাও দেন তিনি।
সভায় ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন জানান, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ডাসার উপজেলার পাঁচটি ইউনিয়নে ৫২টি মামলা দায়ের এবং ৫২টি মামলার নিষ্পত্তি করা হয়েছে। এ সময় গ্রাম আদালতের মাধ্যমে ১২ লাখ ৭৭ হাজার টাকা আদায় হয়েছে। বালিগ্রাম ইউনিয়নে সর্বোচ্চ ১৮টি মামলা নিষ্পত্তি হওয়ায় সংশ্লিষ্ট হিসাব সহকারীকে ধন্যবাদ জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তিনি নিয়মিত ইউনিয়ন পরিষদ পরিদর্শন করবেন এবং নথিপত্র যাচাই করবেন। সভায় “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে, চলো যাই আমরা গ্রাম আদালতে” — এই স্লোগান সামনে রেখে কাজ করার আহ্বান জানানো হয়।