
সাব্বির আহমেদ,
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুর সদর মডেল থানার পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া এক নারী আসামিকে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) দুপুর ৩টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা।
তিনি জানান, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং তার তত্ত্বাবধানে এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সদর থানা পুলিশ ও র্যাব-৮, মাদারীপুরের সদস্যরা তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার ভোর ৬টা ১৫ মিনিটে কেরানীগঞ্জের জিয়ানগর এলাকার একটি গলি থেকে পলাতক আসামি হাসিনা (৩৬)-কে আটক করে।
পুলিশ জানায়, গত ৯ জুলাই অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আরও দুইজনের সঙ্গে হাসিনাকে আটক করা হয়। থানার মূল ভবন সংস্কারকাজ চলায় নারী আসামিদের অস্থায়ী ভবনের একটি কক্ষে রাখা হয়েছিল। ১০ জুলাই গভীর রাতে জানালার স্টেইনলেস স্টিলের পাইপ ভেঙে কৌশলে তিনি পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ হেফাজত থেকে পলায়ন এবং সরকারি সম্পদের ক্ষতির অভিযোগে তাঁর বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।