
হুমায়ুন কবির বিশেষ প্রতিনিধি নান্দাইল, ১১ জুলাই ২০২৬
নান্দাইল উপজেলা ও পৌরসভাকে একটি আধুনিক মডেল শহরে রূপান্তর করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শনিবার (১১ জুলাই) বিকেলে নান্দাইল পৌর বিএনপির আয়োজনে স্থানীয় সমূর্ত্ত জাহান মহিলা কলেজ মাঠে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নান্দাইলের রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা অচিরেই এলাকাবাসীর কাছে দৃশ্যমান হবে।
বিএনপি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, “দলের নাম ভাঙিয়ে কেউ যদি ব্যক্তিগত লাভের জন্য কোনো অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হন, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নান্দাইলে কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসী বা জুয়াড়ির স্থান নেই। আমি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী চাঁদাবাজিমুক্ত নান্দাইল গড়ে তুলেছি।”
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির আহ্বায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “সমাজের সামগ্রিক উন্নয়নে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, “বিএনপি সর্বদা জনকল্যাণে নিবেদিত। গত ১৭ বছরের রাজনৈতিক সংকট ও প্রতিকূলতায় আমি যেভাবে নেতাকর্মীদের পাশে ছিলাম, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।”
পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকিরের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুজ্জামান মনিরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, বিএনপি নেতা হাসনাত মাহমুদ তালহা ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, কর্মী সমাবেশটিকে কেন্দ্র করে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল সভাস্থলে এসে জড়ো হয়। এতে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।