
এস এ হাসিব
ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক কিশোরীকে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী বর্তমানে ময়মনসিংহ শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে সহকারী হিসেবে কাজ করছিল। পারিবারিক সমস্যার কারণে কিছুদিন আগে সে নিজ এলাকা ছেড়ে ময়মনসিংহে এসে কাজ শুরু করে।
জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ‘জিসান ইসলাম’ নামের একটি আইডির সঙ্গে তার যোগাযোগ হয়। পরে দেখা করার কথা বলে তাকে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ডাকা হয়।
গত ১৪ মার্চ রাতে কিশোরী সেখানে পৌঁছালে একজন ব্যক্তি তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেয়। পরে তাকে পাঁচগাঁও এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজন ব্যক্তি মিলে তাকে শারীরিকভাবে নির্যাতন করে বলে অভিযোগ পাওয়া গেছে।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ভালুকা মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করে।
ঘটনার পর ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ভালুকা মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় ৪৮ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. হোসাইন (২১), মো. ফারুক আহাম্মেদ (১৭), মো. আরিফ (১৭) এবং মো. মেহেদী হাসান (২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পরে তাদের আদালতে হাজির করা হলে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।