
মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি :-
‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে নোয়াখালীতে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিস, নোয়াখালীর আয়োজনে সদর উপজেলার জালিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইক্লোন সেন্টারে এ সমাবেশের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিস, নোয়াখালীর সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন।
সমাবেশে আলোচক হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ টিপু সুলতান খান এবং বাংলাদেশ মানবাধিকার ফেডারেশন, নোয়াখালীর সভাপতি মোঃ শামছুউদ্দীন বাহার।
বক্তারা সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি নিয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড প্রদান ও কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন ও পুনঃখনন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা চালুর মতো উদ্যোগ।
সমাবেশের শুরুতে উপস্থিত নারীদের জন্য একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় নারী সমাজের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।