
মোঃনয়ন ইসলাম মানজার
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের ভয়াল থাবা থেকে রাঙ্গাবালীকে রক্ষা করতে হলে এখনই সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা আরও বলেন, তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে, তাই তাদের মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা অত্যন্ত জরুরি।
বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। পাশাপাশি সচেতনতা বৃদ্ধি এবং জনমত গড়ে তোলার মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা মাদক নির্মূলে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগ কামনা করেন।
অনুষ্ঠানটির আয়োজন করে রাঙ্গাবালী উপজেলা মাদকবিরোধী ঐক্য পরিষদ। এতে সহযোগিতা করে বড়বাইশদিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠন।