
এস এ হাসিব
ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর এলাকায় তিন বছর বয়সী শিশু লাবিব হত্যার ঘটনায় দ্রুত অগ্রগতি দেখিয়েছে পুলিশ। ঘটনার মাত্র ১০ ঘণ্টার মধ্যেই শিশুটির পিতা সোহাগসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, লাবিব নিজ বাড়িতেই নিহত হয়। এ মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
পুলিশের দাবি, প্রাথমিক অনুসন্ধান এবং প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন হিসেবে প্রথমে পিতা সোহাগকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
ত্রিশাল থানার এক কর্মকর্তা জানান, ঘটনার গুরুত্ব বিবেচনায় দ্রুত তদন্ত চালিয়ে স্বল্প সময়ের মধ্যেই সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, শিশু লাবিবের মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোক। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।