
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে কড়া মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘যে জিহ্বায় রক্তের তৃষ্ণা, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না।’ শুক্রবার দুপুরে নড়াইলের কালিয়া পৌরসভার বড় কালিয়া এলাকায় বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
এর আগে শুক্রবার বেলা ১১টায় কালিয়ায় পৌঁছান রুহুল কবির রিজভী। প্রথমে তিনি পৌরসভার চাঁদপুর কবরস্থানে হামলায় নিহত কালিয়া উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম-এর কবর জিয়ারত করেন। পরে বড় কালিয়ায় নিহত উপজেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানার বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গত বুধবার বিকেলে বিএনপির নেতা-কর্মীদের শোভাযাত্রায় হামলা হয়। বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, শোভাযাত্রাটি বেন্দারচর এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয়। এতে তিনজন আহত হন এবং তাঁদের মধ্যে শাহিনুর ইসলাম ও সোহেল রানা খুলনায় নেওয়ার পথে মারা যান।
বুধবারের ওই ঘটনার নিন্দা জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, এই দেশে আর কারও মায়ের বুক খালি না হয়, কোনো স্ত্রী যেন স্বামীহারা না হয় এবং কোনো বোন যেন ভাইহারা না হয়, এই লক্ষ্য রেখে কাজ করছেন তারেক রহমান। কিন্তু যাঁদের জিহ্বায় রক্তের তৃষ্ণা ও রক্তের স্বাদ, তাঁরা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারেন না এবং দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তাঁদের রক্ততৃষ্ণা আরও তীব্র ও গভীর হয়েছে।
জুলাই-আগস্ট বিপ্লবের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার প্রবল প্রতিরোধের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পার্শ্ববর্তী দেশ থেকে অনুচরদের দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছেন। এর নির্মম শিকার সোহেল রানা ও শাহিনুর ইসলাম।
বিএনপির নেতা-কর্মীদের আশ্বস্ত করে রুহুল কবির রিজভী বলেন, অনেক চেষ্টা করার পরও এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেমন কেউ কেড়ে নিতে পারবে না, ঠিক তেমনি এঁদের বিচার হবেই এবং বিচারের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ অন্যরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শাহিনুর ইসলাম ও সোহেল রানার মরদেহ কালিয়ায় আনা হয় এবং মাগরিবের নামাজের পর উপজেলা মডেল মসজিদে দুজনের জানাজা শেষে দাফন করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত মামলা না হলেও দুজনকে আটক করেছে পুলিশ।