
সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
“চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়”— এই অঙ্গীকারকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।
জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফিকুল হক-এর সার্বিক দিকনির্দেশনায় শনিবার (০১ আগস্ট ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ সাহেবের আলগা বিওপি একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্ত পিলার ১০৫১/এমপি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রিরচর এলাকায় আসামীবিহীন অবস্থায় ২টি ভারতীয় ষাঁড় গরু আটক করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত ভারতীয় গরু রৌমারী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) জানায়, বিজিবি মহাপরিচালকের ঘোষিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় মাদক, গরুসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।