
আনিসুজ্জামান,জেলা কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ এর উদ্যোগে
জ্বালানি তেলের দফায় দফায় মূল্যবৃদ্ধির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরের শহীদি মসজিদ এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
এর আগে শহীদি মসজিদ এলাকায় আয়োজিত সমাবেশে বক্তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং পরিবহন, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে এর প্রভাবের কথা তুলে ধরেন।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, সদর উপজেলা আমির মাওলানা কারী নজরুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ বিল্লাহ।
বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহন ও পণ্য পরিবহনের ব্যয় বেড়ে যায়। এর প্রভাব পর্যায়ক্রমে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন পণ্যের বাজারমূল্যের ওপর পড়ে। এতে সীমিত আয়ের মানুষ সবচেয়ে বেশি চাপের মুখে পড়েন।
তারা আরও বলেন, সাধারণ মানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করে বারবার জ্বালানি তেলের দাম বাড়ানো জনস্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জনসাধারণের দুর্ভোগ বিবেচনায় নিয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তারা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উপায়ে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
পরে শহীদি মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলটি বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মো. আজিজুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী মো. সাইফুল্লাহ, বাইতুলমাল সম্পাদক এম এইচ লোকমান, মাওলানা এ কে এম ছানাউল্লাহসহ জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় যে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে, তার প্রতিবাদ জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আনিসুজ্জামান
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
কার্ড নং ৮১
মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭