
আনিসুজ্জামান, জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ :
“সংঘাত নয়, শান্তি চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের গুরুত্ব বিষয়ক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসতিয়াক ইমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নাজমুন নাহার নূর (লুবনা), ডেপুটি ডিরেক্টর, এমআইপিএস।
সকাল সাড়ে ১০টায় সভাপতির আসন গ্রহণ, পরিচয়পর্ব ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের পর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো. হেলাউদ্দীন। গীতা পাঠ করেন অসিত মিত্র, পাঠক, খড়মপট্টি, কিশোরগঞ্জ এবং বাইবেল থেকে পাঠ করেন শুনিল একা, সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ, কিশোরগঞ্জ।
সংলাপে কিশোরগঞ্জের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হরিজন সম্প্রদায়, ট্রান্সজেন্ডার ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক, কটিয়াদী, পাকুন্দিয়া ও নিকলী উপজেলার পিএফজি ও ওয়াইপিজির সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন গুরুদয়াল সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান কাজী করিমুল্লাহ। এছাড়া বক্তব্য রাখেন শহীদি মসজিদ, কিশোরগঞ্জের খতিব মাওলানা সফিকুর রহমান জালালাবাদী, ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জের পরিচালক মুস্তাফিজুর রহমান, বিএনপি কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্ল্যা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক রমজান আলী এবং ফেকামারা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও পিএফজি সদস্য আবুল কাসেম বিপ্লবসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, ধর্মীয় ও সামাজিক বৈচিত্র্য বাংলাদেশের অন্যতম বৈশিষ্ট্য। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে এই বৈচিত্র্যকে শক্তিতে পরিণত করা সম্ভব। কোনো ধর্ম বা সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ, অবজ্ঞা কিংবা বৈষম্য সামাজিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর।
তারা আরও বলেন, ধর্মীয় মূল্যবোধ ও মানবিকতার আলোকে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস বাড়াতে হবে। মতপার্থক্য থাকলেও তা যেন কোনোভাবেই সংঘাতের কারণ না হয়, সেদিকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সংলাপে বক্তারা “সংঘাত নয়, শান্তি চাই”—এই প্রত্যয়কে সামনে রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং দেশ ও জাতির কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ধর্মীয় সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিবেশ আরও সুদৃঢ় করতে স্থানীয় পর্যায়ে আন্তঃধর্মীয় সংলাপ ও পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের গুরুত্ব বিষয়ক আন্তঃধর্মীয় সংলাপের সমাপ্তি হয়।
আনিসুজ্জামান
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
কার্ড নং ৮১
মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭