
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
হাটহাজারীতে মুহাম্মদ আরাফাত (২৫) নামে একজনকে গুলি করে পালিয়েছে কয়েকজন অস্ত্রধারী। গতকাল সোমবার বিকেল চারটার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়াপাড়ার মৎস্য হ্যাচারি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আরাফাত উপজেলার মধ্যম মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট এলাকার মোহাম্মদ আইয়ুবের পুত্র।
জানা গেছে, মদুনাঘাট বাজার থেকে কয়েকজন অস্ত্রধারী আরাফাতকে ধাওয়া করে। প্রায় আধা কিলোমিটার দূরে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় তাকে ধরে গুলি করে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় গুলির শব্দে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে আহত আরাফাতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আরাফাতের মুখে শটগানের গুলি লেগেছে, তবে আঘাত গুরুতর নয়। চিকিৎসা শেষে আরাফাতকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মুহাম্মদ নাজিম উদ্দিন জানান, গুলির শব্দ ও স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। স্থানীয় বিরোধকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটতে পারে বলে তার ধারণা।অ
মদুনাঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইব্রাহিম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নিয়ে গেছেন। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজি মো. তারেক আজিজ জানান, কারা এ ঘটনার সাথে জড়িত বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব হবে।