
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
জাহাজে আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধাসহ সিকিউরিটি গার্ডের চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন জেলার সাধারণ ও বেকার তরুণদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ‘সি মেরিটাইম অ্যান্ড লজিস্টিক সার্ভিস’ (Sea Maritime and Logistic Service) নামক একটি ভুঁইফোড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে। চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড়ের ‘হানিফুন টাওয়ার’-এর ৫ম তলায় অফিস খুলে দীর্ঘদিন ধরে এই প্রতারণা চক্রটি তাদের কার্যক্রম চালিয়ে আসছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
অনুসন্ধানে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে চটকদার বিজ্ঞাপন প্রচার করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে চাকরিপ্রত্যাশীদের আকৃষ্ট করে এই চক্র। চাকরি পাওয়ার আশায় দূর-দূরান্ত থেকে চট্টগ্রামে এলে তাদের কাছ থেকে মাসিক খাবার খরচ ও আনুষঙ্গিক সুবিধার কথা বলে অগ্রিম মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়। চুক্তি অনুযায়ী দায়িত্ব পালনকালে ফ্রি খাবার দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে কোনো খাবার সরবরাহ করা হয় না। বাধ্য হয়ে ভুক্তভোগীদের নিজের পকেটের টাকা খরচ করে খাবার খেতে হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, নিয়োগ পাওয়ার পর কর্মস্থলে কোনো ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয় না। কোনো সমস্যা বা সংকটে পড়ে অফিসের কর্মকর্তাদের ফোন দিলে তারা ফোন রিসিভ করেন না। শুধু তাই নয়, পুরো মাস হাড়ভাঙা খাটুনি শেষে যখন বেতনের সময় আসে, তখন নানা তালবাহানা করে বেতন আটকে রাখা হয় এবং কর্মীদের মানসিক ও শারীরিকভাবে চরম হয়রানি করা হয়। অবশেষে কোনো উপায় না পেয়ে খালি হাতে, নিঃস্ব ও প্রতারিত হয়ে নিজ গ্রামে ফিরে যেতে বাধ্য হন তরুণরা।
একাধিক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে জানান, বেকারত্বের সুযোগ নিয়ে চক্রটি সাধারণ যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। জীবনের সঞ্চয় এবং ধারদেনা করা টাকা হারিয়ে অনেকেই এখন মানবেতর জীবনযাপন করছেন। এ বিষয়ে ভুক্তভোগী তরুণরা দ্রুত তদন্ত সাপেক্ষে উক্ত প্রতারক চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আত্মসাৎকৃত টাকা উদ্ধারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।