
হুমায়ুন কবির বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম
১১ জুন ২০২৬
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম আজ বৃহস্পতিবার (১১ জুন) চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা, শিল্প ও সামরিক স্থাপনা পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি বানৌজা ঈসা খানে অবস্থিত আইএফএফ (IFF) সেন্টার, সেন্টার ফর নেভাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (CNRD) এবং চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (CDDL)-এর কার্যক্রম সশরীরে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সামুদ্রিক নিরাপত্তা ও প্রযুক্তিতে আধুনিকায়ন:-
পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা আইএফএফ সেন্টারের কার্যপ্রণালী সম্পর্কে অবগত হন। অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এই কেন্দ্রটি দেশের সমুদ্রসীমায় সকল জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া, তিনি সিএনআরডি (CNRD)-এর উদ্ভাবনমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। প্রতিষ্ঠানটি জ্বালানি পরিশোধন প্রযুক্তি, ড্রোন উন্নয়ন এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিয়ে যে গবেষণা ও উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে, তা দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও সুসংহত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ:-
চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (CDDL) পরিদর্শনের সময় উপদেষ্টা প্রতিষ্ঠানটির যুদ্ধজাহাজ ও বেসামরিক জাহাজের মেরামত ও নির্মাণ সক্ষমতার প্রশংসা করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির বাস্তবায়নে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের ভূমিকা অপরিসীম। তিনি প্রতিষ্ঠানটির পেশাগত মান ও কারিগরি দক্ষতা আরও বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বেসরকারি শিপইয়ার্ড পরিদর্শন:-
নৌবাহিনীর স্থাপনার পাশাপাশি তিনি কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড এবং ওয়েস্টার্ন মেরিন লিমিটেডও পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানগুলোর বর্তমান সক্ষমতা, চলমান প্রকল্পসমূহ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার ওপর বিস্তারিত অবহিত হন।
টেকসই উন্নয়নের আহ্বান:-
পরিদর্শন শেষে প্রতিরক্ষা উপদেষ্টা সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের প্রযুক্তিগত অগ্রগতি এবং দক্ষ জনশক্তির কর্মতৎপরতার প্রশংসা করেন। তিনি দেশের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ, জাহাজ নির্মাণ শিল্পের বিকাশ এবং জাতীয় প্রতিরক্ষা খাতের টেকসই উন্নয়নে সকলকে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।