
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুর-পীরগাছা উপজেলায় আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় মোহাম্মদ মোতালেব মিয়া (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ৮টায় পীরগাছা নগরীর কদমতলী এলাকার লোহারপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোতালেব মিয়া মিঠাপুকুর উপজেলার ৪ নং ভাংণী ইউনিয়নের ঠাকুরবাড়ি এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন অটোভ্যানচালক ছিলেন।
স্থানীয় বাসিন্দা মনু মিয়া জানান, ঘটনার সময় মোতালেব তার ভ্যানটি রাস্তার পাশে রেখে ভ্যানের মধ্যেই বসে ছিলেন। এসময় রংপুর থেকে পীরগাছাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তার ভ্যানে জোড়ালো ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় মোতালেব ছিটকে পড়ে যান এবং পরপর দুটি গাছের সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশের খাদে পড়ে যান। পরে তার ওপর ভ্যানটি উল্টে পড়ে, ফলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক ১টায় তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাসপাতালে ছুটে আসা স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুকালে মোতালেব স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।