
নিজস্ব প্রতিবেদক, কমলগঞ্জ (মৌলভীবাজার)
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় গত ১ অক্টোবর ২০২৬ থেকে অজ্ঞাতপরিচয়ের এক যুবক অবস্থান করছেন। এখন পর্যন্ত তার নাম, ঠিকানা কিংবা পরিবারের কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, যুবকটির আচরণ দেখে তাকে মানসিকভাবে অসুস্থ বা ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। তিনি সাধারণত কারও সঙ্গে কথা বলেন না এবং নিজের পরিচয়ও দিতে পারছেন না। তবে ঘুমের সময় তাকে স্বাভাবিক অবস্থায় দেখা যায় বলে সংশ্লিষ্টরা জানান।
হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, যুবকটি মাঝে মধ্যে হাসপাতালের বিভিন্ন সামগ্রীতে ভাঙচুরের চেষ্টা করছেন এবং উশৃঙ্খল আচরণ করছেন। এ কারণে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
জানা গেছে, অজ্ঞাতপরিচয় ওই যুবককে কে বা কারা হাসপাতালের বারান্দায় রেখে গেছেন, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। তার বাম হাতে একটি ট্যাটু রয়েছে। এটিই বর্তমানে তার শারীরিক পরিচয়ের অন্যতম শনাক্তযোগ্য চিহ্ন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
হাসপাতালে দায়িত্বরত আনসার ব্যাটালিয়নের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা গেছে। মানবিক দৃষ্টিকোণ থেকে তারা মাঝে মধ্যে যুবকটিকে খাবারও দিচ্ছেন। খাবার গ্রহণের সময় তাকে তুলনামূলকভাবে স্বাভাবিক আচরণ করতে দেখা যায় বলে সংশ্লিষ্টরা জানান।
এদিকে, সমাজসেবা অধিদপ্তর, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মানবিক সংগঠনগুলোর প্রতি যুবকটির পরিচয় শনাক্ত করে তার পরিবার বা স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কারও কাছে ছবিতে থাকা যুবকের পরিচয়, পরিবার বা ঠিকানা সম্পর্কে কোনো তথ্য থাকলে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
মানবিকতার স্বার্থে পোস্টটি শেয়ার করে যুবকটির পরিচয় শনাক্তে সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ রইল।