
মোহাম্মদ হানিফ ফেনী জেলা।
রাস্তা দেবে গিয়ে সৃষ্টি হওয়া গর্তে বাড়ছিল দুর্ঘটনা; ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করে নিরাপদ চলাচলের ব্যবস্থা
ওলামা বাজার থেকে সোনাগাজীগামী সড়কের একটি অংশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়ে রাস্তা দেবে যাওয়ায় গত কয়েকদিন ধরে এলাকায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়।
বিশেষ করে রাতের বেলায় দূর থেকে গর্তটি স্পষ্টভাবে দেখা না যাওয়ায় একের পর এক যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছিল।
এতে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি যানবাহনের ক্ষতি এবং মালামালেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছিল।
স্থানীয়দের অভিযোগ, সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার না হওয়ায় প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যাচ্ছিল।
জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী।
এমন পরিস্থিতিতে বিষয়টি নজরে আসার পর একজন সমাজসেবী ব্যক্তিগত উদ্যোগে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে সাময়িক সংস্কারের ব্যবস্থা করেন।
এতে অন্তত আপাতত দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমেছে এবং সাধারণ মানুষ কিছুটা স্বস্তির সঙ্গে চলাচল করতে পারছেন।
উদ্যোগ গ্রহণকারী জানান, মানুষের দুর্ভোগ লাঘব এবং সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়াতেই তিনি ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন এটি স্থায়ী সমাধান নয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত স্থায়ীভাবে সড়কটি সংস্কার করলে সাধারণ মানুষের দুর্ভোগ পুরোপুরি দূর হবে।”
এদিকে স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি সংস্কারের আগ পর্যন্ত এমন উদ্যোগ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্যোগ গ্রহণকারী সবার কাছে দোয়া চেয়ে বলেন,মানুষের সেবা করার এই ক্ষুদ্র প্রচেষ্টা আল্লাহ তাআলা কবুল করুন।
আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সবসময় মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন। আমিন।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে স্থায়ী সংস্কারের ব্যবস্থা নেবে, যাতে ভবিষ্যতে আর কোনো দুর্ঘটনা বা জনদুর্ভোগের সৃষ্টি না হয়।