
সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে
খুচরা বাজারগুলোতে হঠাৎ করেই কাঁচামরিচের দাম বেড়ে প্রতি কেজি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিনের ব্যবধানে দাম এভাবে বৃদ্ধি পাওয়ায় মারাত্মক বিপাকে পড়েছেন সাধারণ ও নিম্ন আয়ের মানুষ।
উপজেলার বিভিন্ন বাজার ও ঐতিহ্যবাহী বাজার গুলো ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারে আসা গৃহিণী নাজমা আক্তার বলেন, “সবজির দাম এত বেশি যে সংসারের বাজেটই ভেঙে গেছে।
মাছ-মাংসের পর এখন সবজিও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। কাঁচামরিচের মতো একটি পণ্য ৪০০ টাকা কেজি হওয়ায় আমাদের মতো সাধারণ মানুষকে বিপাকে পড়তে হচ্ছে।”
কাঁচাবাজার করতে আসা কাজল মিয়া বলেন, এখন বাজারে এসে কী কিনব, আর কী বাদ দেব বুঝতে পারি না।
কাঁচামরিচের মতো নিত্যপ্রয়োজনীয় একটি পণ্য ৪০০ টাকা কেজি!
প্রয়োজনের তুলনায় বাড়তি মূল্যের কারণে এখন কম কিনতে হচ্ছে। এছাড়া অন্যান্য সবজির দামও বৃদ্ধি পেয়েছে।”
নবীনগর পৌর বাজারের সবজি ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, “গত কয়েকদিন বাজারে কাঁচামরিচ প্রতি কেজি ২৫০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি করেছি। টানা বৃষ্টিতে হঠাৎ পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।”