
বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা: শারদোৎসবের আনন্দ সমাজের প্রান্তিক মানুষের সঙ্গে ভাগ করে নিতে সমাজকল্যাণমূলক সংস্থা ‘মানবতা’র উদ্যোগে বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় শারদীয়া বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, দুই জেলায় তিন শতাধিক শিশু-কিশোর, মহিলা ও প্রবীণ মানুষের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়।
বাঁকুড়ার ইন্দপুর ব্লকের দাউলভিড়া গ্রামে মানবতা ও আলোর দিশা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে ১৫৩ জনের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। বৃক্ষরোপণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার তাপস কুমার দে, শিক্ষক চণ্ডীদাস গোস্বামী, হরে কৃষ্ণ রায়, বিশ্বজিৎ দে, রুদ্র দে-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার কুলতলী থানার অন্তর্গত ৩৬ শেরহাটের কাছে ১৬ নম্বর মণ্ডলের লাটে মানবতার নিজস্ব উদ্যোগে দেড় শতাধিক মানুষের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন শিক্ষিকা ও সমাজকর্মী প্রভাতী মণ্ডল।
মানবতার সাধারণ সম্পাদক জানান, উৎসবের প্রকৃত আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেই রয়েছে সার্থকতা। সমাজের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো এবং তাঁদের পাশে দাঁড়ানোই সংস্থার মূল লক্ষ্য। আগামী দিনেও এই সমাজসেবামূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
এই বস্ত্র বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে মানবতার বার্তা ছড়িয়ে পড়ে—উৎসবের আনন্দ হোক সবার, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় হোক।