
মোহাম্মদ হানিফ ফেনী জেলা।
ফেনী সদর-৬ জুলাই ২০২৬ইং।
ফেনীতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান:
মানদণ্ডে উত্তীর্ণ না হওয়ায় আল আমিন জেনারেল হাসপাতালকে জরিমানা
সিভিল সার্জনের নির্দেশনায় তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন; জনস্বার্থে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা স্বাস্থ্য বিভাগের নিয়মিত তদারকি অব্যাহত
ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. এ এস এম সোহরাব আল হোসাইনের নির্দেশনায় নিয়মিত মনিটরিং ও সুপারভিশন কার্যক্রমের অংশ হিসেবে আজ (০৬ জুলাই ২০২৬) সিভিল সার্জন কার্যালয়ের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন টিম শহরের তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সরকার নির্ধারিত স্বাস্থ্যসেবার মানদণ্ডে উত্তীর্ণ না হওয়ায় আল আমিন জেনারেল হাসপাতাল, ফেনী-কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করা হয়।
পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আমির খসরু তারেক, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার সজল এবং সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মাইনউদ্দিন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ফেনীর জনগণ যাতে নিরাপদ, সুষ্ঠু ও মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যে মান্যবর সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. এ এস এম সোহরাব আল হোসাইনের নেতৃত্বে নিয়মিত তদারকি, মনিটরিং ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত থাকবে।