
খালিদ হোসেন হৃদয়
ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় ভিটামিন’এ’প্লাস ক্যাম্পেইন-২০২৬ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ শে জুন সকাল ১১ টার সময় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভাঙ্গুড়া, পাবনার বাস্তবায়নে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.হালিমা খানমের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী ইন্সপেক্টর মোঃ নুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান।
সভায় বক্তারা শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে রক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব তুলে ধরে ক্যাম্পেইন সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.সাব্বির হোসেন এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাঃ হালিমা খানম।এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম জানান, চলতি বছরের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে, ১ টি স্থায়ী কেন্দ্র ও ১২০ টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১২১ টি কেন্দ্রে একযোগে ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২১৮৫ শিশুকে লাল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৪৩২৭ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, উপজেলায় সর্বমোট ১৬৫১২ জন শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হবে এবং লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
খালিদ হোসেন হৃদয়
ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
০১৭৫০-৭২০৬৭২
তারিখ- ২৫ জুন ২০২৬